আন্তর্জাতিক ১৫ আগস্ট, ২০১৯ ০৬:১৬

যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার পরমানু বোমাবাহী যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক।।

রাশিয়ার চুকটোকা থেকে বেরিং প্রণালী পার হলেই যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য। এবার সেই চুকটোকার সামরিক ঘাঁটিতে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধবিমান পাঠিয়েছে মস্কো।

বুধবার (১৪ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোভিয়েত আমলে নির্মিত বোমারু বিমান দুটি আট ঘণ্টায় ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুকটোকা অঞ্চলের সারাটোভ শহরের আনাদির ঘাঁটিতে পৌঁছায়। 

চুকটোকায় সামরিক মহড়ায় অংশ নেবে বিমান দুটি। মহড়া চলবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অপারেশনাল এয়ারফিল্ডে সামরিক সরঞ্জাম স্থানান্তরের অংশ হিসেবে টিইউ-১৬০ বিমানের ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

টিইউ-১৬০ কৌশলগত বোমারু বিমান হচ্ছে সুপারসনিক বিমান যা ১২টি স্বল্প পাল্লার পরমাণু বোমা বহন করতে এবং কোনো বিরতি ছাড়াই ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।