আন্তর্জাতিক ১৮ আগস্ট, ২০১৯ ০৭:৫০

এবার হয়তো ন্যায়বিচার পাবো: পেহেলু খানের স্বজনদের আশা

পেহেলু খানকে পিটিয়ে হত্যার দৃশ্য

পেহেলু খানকে পিটিয়ে হত্যার দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক।।

পশু ব্যবসায়ী পেহলু খানের হত্যাকাণ্ডে অভিযুক্ত ছ'জনকে মুক্তি দিয়েছিলো ভারতের আলোয়ারের একটি আদালত। এই রায়ে  ভেঙে পড়েছিল পেহেলু খানের পরিবারের সদস্যরা।

কিন্তু রাজস্থান সরকারের নতুন পদক্ষেপের পরে আবার আশা ফিরে পেয়েছেন তাঁরা। রাজস্থান সরকার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের। পেহলু খানের বড় ছেলে ইরশাদ এপ্রসঙ্গে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘‘আমরা অত্যন্ত অসন্তুষ্ট আদালতের রায়ে। কিন্তু ইনশাল্লাহ এবার হয়তো আমরা ন্যায়বিচার পাব।'' রাজস্থান সরকারের সিদ্ধান্তে খুশি পেহলু খানের স্ত্রীও। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে আপিল করতে বদ্ধপরিকর। দু'বছর আগে স্বঘোষিত গো-রক্ষকদের এক দল গো-পাচারকারী সন্দেহে হত্যা করে পেহলু খানকে। আলওয়ার জেলার ওই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত ছ'জনকে গত বুধবার মুক্তি দিয়েছে স্থানীয় আদালত।

দু'দিন পরে রাজস্থানের কংগ্রেস সরকার ঘোষণা করে ওই ঘটনা নিয়ে নতুন করে তদন্ত করার।

পেহলু খানের ছোট ছেলে মুবারিক পেশায় লরি চালক। তিনি জানিয়েছেন, ‘‘আমার দৈনিক রোজগারের সাহায্যে ন'মাস এই মামলা লড়েছি। কিন্তু রায় শুনে আমি ভেঙে পড়েছি। আমরা ন্যায়বিচার পাইনি কেননা তদন্তকারী পুলিশ আধিকারিক মামলাটি লঘু করে দিয়েছিলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণই পেশ করতে পারেননি।''

এদিকে প্রদেশের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নেতৃত্বে রয়েছে‌ন ডেপুটি ইনস্পেকটর জেনারেল নীতিনদীপ বল্লাগান। তিনি খতিয়ে দেখবেন পুলিশি তদন্তের মধ্যে কী ফাঁক রয়ে গিয়েছে। ১৫ দিনের মধ্যে তাঁর রিপোর্ট জমা দেবেন তিনি। এছাড়াও মৌখির প্রমাণ ও অন্যান্য নথি সংগ্রহ করা হবে যেগুলি আগে করা হয়নি।

তদন্তের পর সরকার জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবে। মুখ্যমন্ত্রী অশোক গেহলত ওই রায়দানের পরেই টুইট করে জানিয়েছি‌লেন, ‘‘আমাদের রাজ্য সরকার ২০১৯ সালের আগস্টে একটি নতুন আইন এনেছে গণপিটুনির বিরুদ্ধে। মৃত পেহলু খানের পরিবারকে ন্যায় দেওয়ার ব্যাপারে আমরা দায়বদ্ধ। রাজ্য সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে।''