আন্তর্জাতিক ৩০ নভেম্বর, ২০১৯ ০২:১১

অনুসন্ধানী সাংবাদিক হত্যার জেরে পদত্যাগ করতে যাচ্ছেন মাল্টার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।।

অনুসন্ধানী সাংবাদিক হত্যার জেরে পদত্যাগ করতে যাচ্ছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট। দুই বছর আগের ওই হত্যাকাণ্ডের বিষয়টি সম্প্রতি নতুন করে সামনে আসলে রাজনৈতিক ও আইনি জটিলতার মুখে পড়েন মাস্কাট। উদ্ভূত পরিস্থিতিতে ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়ে দেন, পদত্যাগের চিন্তাভাবনা করছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
 
মাল্টার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দিতে পারেন জোসেফ মাস্কাট। তবে এর চূড়ান্ত সময় এখনও নির্ধারণ করা হয়নি। তার পদত্যাগের পর জানুয়ারিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগ পর্যন্ত ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস ফিয়ারন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গেছে।

২০১৭ সালের ১৬ অক্টোবরে মাল্টায় নিজ বাড়ির অদূরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন ৫৩ বছর বয়সী অনুসন্ধানী সাংবাদিক ড্যাফেন কারুয়ানা গ্যালিজিয়া। ব্লগ লিখে তিনি ওয়ান ওম্যান উইকিলিকস’ খ্যাতি পেয়েছিলেন।  বলা হয়, মাল্টার সব পত্রিকা মিলিয়ে যত কপি বিক্রি হয়,তার চেয়ে বেশি মানুষ গালিজিয়ার ব্লগ পড়তো। পানামা পেপার্স কেলেঙ্কারি নিয়ে রিপোর্টের জন্য ইউরোপের সবচেয়ে ক্ষুদ্র দেশটির শাসক গোষ্ঠী এবং মাফিয়া চক্র; উভয় পক্ষেরই পথের কাঁটা হয়ে উঠেছিলেন তিনি। হত্যাকাণ্ডের প্রায় ১৩ মাস পর আটক করা তিন ব্যক্তির বিচার চলছে। তবে যাদের নির্দেশে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আটক করতে পারেনি কর্তৃপক্ষ।

গত সপ্তাহে এই মামলার তদন্তে নাটকীয় গতি আসে। দুই মন্ত্রী ছাড়াও পদত্যাগ করেন মাস্কাটের ডান হাত খ্যাত চিফ অব স্টাফ কেইথ স্কেমব্রি। গত মঙ্গলবার তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত করা ছাড়াই বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়। পরে পদত্যাগ করেন তিনি। এছাড়া ইয়টে করে দেশত্যাগের চেষ্টার সময় আটক হয় মূল সন্দেহভাজন ও ব্যবসায়ী ইয়োর্গেন ফেনেচ। ষড়যন্ত্রের তথ্যের বিনিময়ে ওই ব্যবসায়ী ক্ষমার আবেদন করলেও তা বাতিল করে দিয়েছেন আদালত।


গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার মাল্টার মন্ত্রিসভার এক অনির্ধারিত বৈঠক গভীর রাত পর্যন্ত চলে। ওই বৈঠকে গালিজিয়া হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে দৃশ্যত পরে ওই প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি। টেলিভিশন ভাষণের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যবসায়ী ইয়োর্গেন ফেনেচকে গালিজিয়া হত্যার নির্দেশদাতা হিসেবে পুলিশ অভিযুক্ত করছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই পদত্যাগের সময় নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে পানামা পেপার্স অনুসন্ধানের মাধ্যমে সাংবাদিক ড্যাফেন কারুয়ানা গ্যালিজিয়া মাস্কাটের জ্বালানিমন্ত্রী কনরাড মিজি ও তার বন্ধু ব্যবসায়ী কেইথ স্কেমব্রির দুর্নীতি ফাঁস করে দেন।

বৃহস্পতিবার আদালতের শুনানিতে ইয়োর্গেন ফেনেচের আইনজীবীরা মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলাকে লেখা একটি চিঠি জমা দেন। ওই চিঠিতে হত্যার ষড়যন্ত্রের তথ্যের বিনিময়ে তিনি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন। এতে বলা হয়, হত্যাকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ এবং জ্বালানিমন্ত্রীর সংশ্লিষ্টতার তথ্যও দিতে চান তিনি।

এদিকে মাস্কাটের সরকারের ওপর চাপ বাড়িয়েছেন ইউরোপিয়ান কমিশনের বিদায়ী প্রেসিডেন্ট জেন ক্লদ জাঙ্কার। শেষ কর্মদিবসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি দেশ পুরোপুরিভাবে আইনের শাসনের প্রতি সম্মান দেখাচ্ছে না।