আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৮:১৬

ট্রাম্পের কর দুই বছরে মাত্র ৭৫০ ডলার

দুই বছরে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ বছরের মধ্যে ১০ বছর মোটেও কোনো আয়কর দেননি প্রেসিডেন্ট ট্রাম্প ।   নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথম বছর ২০১৭ সাল মিলিয়ে ট্রাম্প মাত্র ৭৫০ ডলার করে আয়কর দেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে,   ট্রাম্প এবং তাঁর বিভিন্ন কোম্পানির দুই দশকের বেশি সময়ের কর দেওয়ার রেকর্ড তাদের হাতে এসেছে। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর মোটেও কোনো আয়কর দেননি। প্রতিবেদনে বলা হয়, ‘নিজের কোম্পানিগুলোর বারবার  লোকসান দেখিয়েছেন এবং বছরের পর বছর ধরে আয়কর এড়িয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি আসলে কর দিয়েছি। আমার ট্যাক্স রিটার্ন দেখলেই এটি বুঝতে পারবেন। এটার অডিট এখন চলছে। অনেকদিন ধরেই এর অডিট চলছে।’ গতকাল রোববার এ প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন।

নিউইয়র্ক টাইমস বলেছে, তারা এমন উৎস থেকেই ট্রাম্পের কর সংক্রান্ত তথ্য পেয়েছে যেখানে বৈধ পথে তথ্য পাওয়ার সুযোগ আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ এর দশক থেকে তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর মালিকানাধীন কোম্পানিগুলোর আয়কর নিরীক্ষা করেছে। এর পাশাপাশি ২০১৬ এবং ২০১৭ সালে ট্রাম্পের ব্যক্তিগত আয়করের প্রতিবেদনও তাঁরা পেয়েছেন। আয়ের চেয়ে লোকসানের পরিমাণ বেশি হওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

তাঁর জমা দেওয়া নথিতে ট্রাম্প উল্লেখ করেছেন যে, ২০১৮ সালে তিনি অন্তত ৪৩৪ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছেন। কিন্তু সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আয়কর রিটার্নের নথি বলছে তিনি সেখানে ৪৭ দশমিক ৪ মিলিয়ন ডলার লোকসান দেখিয়েছেন।