আন্তর্জাতিক ডেস্ক ।।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার কাছে দুধ বিক্রির পাওনা টাকা চেয়ে খুন হয়েছেন একজন গর্ভবতী নারী ও তার মা-বাবা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার বরকাকানা রেল কলোনিতে।
গুলিতে মৃত্যু হয়েছে রেলের সাফাইকর্মী অলোক রাম, তার স্ত্রী লীলাদেবী ও মেয়ে মীনা দেবীর। আর খুনি পবনকুমার সিং একজন আরপিএফ জওয়ান। খুনের পরই গা-ঢাকা দিয়েছেন তিনি।
শনিবার রাতের পর থেকে এই ঘটনার প্রতিবাদ জানাতে আরপিএফের বিরুদ্ধে পথে নেমেছেন রেলকর্মীরা। এলাকা এতটাই উত্তপ্ত যে সামাল দিতে আরপিএফ কমান্ডান্ট হেমন্তকুমার ধানবাদ থেকে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝাড়খণ্ড পুলিশও পিকেটিং বসিয়েছে।
মৃত অলোক রামের এক মেয়ে সুমন দেবী আর ছেলে চিণ্টু রাম গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।
আহত সুমনদেবী পুলিশের কাছে অভিযোগ করেছেন, আরপিএফ কনস্টেবল পবনকুমার সিং তাদের কাছ থেকে গরুর দুধ কিনত। কিন্তু দীর্ঘদিন ধরে পয়সা না দেওয়ায় তাকে দুধ দেওয়া বন্ধ করে দেন। শনিবার রাত দশটা নাগাদ পবন এসে দুধ চাইলে অলোক রাম জানান, দুধ নেই। একথা শুনে বচসা শুরু করে পবন। ঘরে ঢুকে লাথি মেরে জিনিসপত্র ভাঙতে থাকে। কোমর থেকে রিভলভার বের করে বাবা-মা ও তাদের তিন ভাইবোনকে গুলি করে।




















