ডেস্ক রিপোর্টঃ
২৮ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গণমাধ্যম সংস্থা ওয়াল্ট ডিজনি। যুক্তরাষ্ট্রের ডিজনি থিম পার্ক থেকেই বেশি কর্মী ছাঁটাই করা হতে পারে।
ডিজনি’র পক্ষ থেকে বলা হয়, সীমিত সংখ্যক দর্শনার্থী ও করোনা প্রকোপ শেষ হবার অনিশ্চয়তার জন্য কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজনির থিমপার্কগুলো। করোনা সংক্রমণের শুরু থেকেই বিশ্বের সকল থিম পার্ক বন্ধ করে দেয় ডিজনি। তবে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড ছাড়া বিশ্বের সকল থিম পার্ক স্বাস্থ্যবিধি মেনে আবারো খুলে দিয়েছে কোম্পানিটি।
ডিজনির পার্ক ইউনিটের চেয়ারম্যান জোশ ডি'আমারো বলেন, আমরা আমাদের পার্ক থেকে শ্রমশক্তি হ্রাসের প্রক্রিয়া শুরু করেছি। এটা আমাদের জন্য খুব কঠিন সিদ্ধান্ত। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ৬৭ শতাংশই স্থানীয় ও খন্ডকালীন কর্মী।




















