আন্তর্জাতিক ২০ আগস্ট, ২০১৯ ১১:২৩

কাশ্মীরে চলছে রাতভর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে রাজ্যটিতে। বিক্ষোভ করে চলেছে কাশ্মীরের বাসিন্দারা। তবে আন্দোলন ঠেকাতে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে কাশ্মীরিদের গ্রেফতার করছে ভারত সরকার।

এএফপির খবরে বলা হয়েছে, সেখানকার কারাগার ভরে যাওয়ায় নতুন বন্দিদের অন্য জায়গায় পাঠিয়ে দেয়া হচ্ছে।

বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাতেই শ্রীনগর থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

কাশ্মীর প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে যেসব এলাকায় পুলিশের ওপর পাথর ছোড়া হয়েছে, সেখান থেকে অভিযুক্তদের আটক করা হচ্ছে।

একজন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, পাবলিক সেফটি অ্যাক্টের (পিএসএ) আওতায় ইতোমধ্যে ৪ হাজার মানুষকে আটক করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘তাদের অধিকাংশকে কাশ্মীরের বাইরে পাঠানো হচ্ছে, কারণ এখানের কারাগার পরিপূর্ণ হয়ে গেছে।’

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

তিন দশক ধরে এই কাশ্মীরে চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, যাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

সম্প্রতি টেলিফোন লাইন কিছুটা চালু হলেও বিক্ষোভ বেড়ে যাওয়ার পটভূমিতে মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট এখনো বন্ধ আছে।