আন্তর্জাতিক ডেস্ক
ইন্ডিগো’র একটি ফ্লাইটে দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে এক নারী পুত্রসন্তান প্রসব করলেন। নবজাতককে আজীবন বিনামূল্যে টিকিট সরবরাহের ঘোষণা দিয়েছে তারা। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় ওই এয়ারলাইন কর্তৃপক্ষ।
ইন্ডিগো জানায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় ৬ই ১২২ ফ্লাইটে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া ঘটনাটির বিবরণ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফ্লাইটটির ক্যাপ্টেন সঞ্জয় শর্মা।
তিনি জানান, দিল্লি থেকে রওনা দেওয়ার পর তাকে জানানো হয়, সন্তানসম্ভবা একজন নারী স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন কিনা? জানতে চাওয়া হলে দুই চিকিৎসকের খোঁজ পাওয়া যায়। তাদের একজন গাইনি বিশেষজ্ঞ, অন্যজন প্লাস্টিক সার্জন। তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসেন।
দুই কেবিন ক্রু সদস্যকে নিয়ে গাইনি বিশেষজ্ঞ ফ্লাইটের গ্যালারিকে লেবার রুমে রূপান্তর করেন। এর কিছুক্ষণ পরই ফ্লাইটে ছড়িয়ে পড়ে নবজাতকের কান্নার আওয়াজ। যথাসময়ের আগেই শিশুটির জন্ম হলেও মা ও ছেলে উভয়েই সুস্থ।
বেঙ্গালুরু বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর করতালিতে সিক্ত হয়েছে মা ও নবজাতক। এরপরই কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের।
নবজাতকের জন্মের পর কেবিন ক্রু সদস্যদের উচ্ছ্বাস এবং শিশুকে তাদের কোলে রাখার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। একইসঙ্গে শিশুটির নিরাপদ জন্মের জন্য কেবিন ক্রু সদস্যদের প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে এভিয়েশন দুনিয়ায়।


















