বিনোদন ২৪ অক্টোবর, ২০২০ ০৬:৫৬

বাপ্পী নয়, দীঘির নায়ক সাইমন

বিনোদন ডেস্ক

‘তুমি আছ তুমি নেই’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও দীঘি। আগামী মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন বাপ্পী। শুক্রবার এমন তথ্য নিশ্চিত করেছেন বাপ্পী নিজেই। বাপ্পীর জায়গায় দীঘির নায়ক হচ্ছেন সাইমন সাদিক।

বাপ্পী জানান, 'আমি এখন আশরাফ শিশিরের বড় বাজেটের ছবি ‘৫৭০’ এর শুটিং করছি। ছবিটির জন্য আমার লুক সেট করা হয়েছে। টানা শুটিং করতে হচ্ছে ছবিটির। এই অবস্থায় নতুন ছবির জন্য আমার লুক পরিবর্তন সম্ভব হবে না। যার কারণে এমন সিদ্ধান্তে আসতে হয়েছে।'

বাপ্পী আরও জানান, আগামী ১৫ নভেম্বর থেকে শুটিং শুরু করতে চান পরিচালক। কিন্তু ওই সময়ে তাঁর কয়েকটি ছবির ছোট ছোট কাজ শেষ করতে হবে। এ ছাড়া মাথার চুলের ‘লুক’ নিয়েও বিরোধ হয়েছে পরিচালকের সঙ্গে। বাপ্পী বলেন, '৫৭০' নামে একটি ছবির শুটিং আগামী শনিবার শেষ হবে। এই ছবির জন্য আমার মাথার চুল ছোট করতে হয়েছে। 

আমি প্রযোজক ও পরিচালককে অনুরোধ করেছিলাম ডিসেম্বরের শেষ দিকে 'তুমি আছ তুমি নেই' ছবির কাজ শুরু করতে। তাঁরা রাজি হননি। তাই ছবিটিতে অভিনয় করতে পারছি না। গত বৃহস্পতিবার চুক্তির টাকা ফেরত দিয়েছি।’এ প্রসঙ্গে ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘চুল বড় করার জন্য ছবির শুটিং পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন বাপ্পী। আমি রাজি হইনি। দেরি করে শুটিং শুরু করলে সমস্যা হতে পারে। করোনার কারণে সামনে কী পরিস্থিতি আসবে, আমরা জানি না।

দেখা গেল সিনেমার বাজেট অন্য কাজে ব্যয় হয়ে গেছে। তা ছাড়া আগে থেকেই এই ছবির অন্যান্য শিল্পী, কলাকুশলী এবং কারিগরি টিম চূড়ান্ত। শুটিং পেছানো সম্ভব নয়। তা ছাড়া ডিসেম্বরের দিকে নতুন আরেকটি ছবির কাজ শুরু করব। এ কারণেই বাপ্পীর ছবিটিতে অভিনয় করা হচ্ছে না।’

saimon

বাপ্পীর জায়গায় দীঘির বিপরীতে সাইমন সাদিককে নেওয়া হয়েছে জানিয়ে পরিচালক বলেন, 'গত রাতেই সাইমন সাদিককে এই ছবিতে চূড়ান্ত করেছি। হাতে খুব একটা সময় নেই। তাই তাড়াহুড়া করেই নায়ক চূড়ান্ত করেছি।' সেই ছোট্ট দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। ইতোমধ্যে 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। এ ছবিতে তার নায়ক হিসেবে আছেন শান্ত খান।