বিনোদন ২৫ অক্টোবর, ২০২০ ০৮:০৬

ভুয়া আইডি, বিব্রত সারিকা

বিনোদন ডেস্ক  

তারকা মানেই হাজার হাজার অনুসারী। আর বিনোদন অঙ্গনের তারকাদের ফেসবুকে লাখো ফলোয়ার। তারকাদের ফেক আইডিতে ফেসবুকের পাতা ভরা। এসব নকল আইডির কারণে তারকারা প্রায়ই বিব্রত হন। তেমনই অবস্থায় পড়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরীন।

তাঁর নামে প্রায় অর্ধশতাধিক ফেক আইডি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। এর মধ্যে ‘সারিকা সাবরীন’ নামে একটি ফেক আইডি নিয়ে চরম বিব্রত অবস্থায় পড়েছেন এই নায়িকা।

এই আইডির ফলোয়ারের সংখ্যা ১ লাখ ১৮ হাজারের মতো। নিয়মিতই সচল আইডিটি। শুধু তাই নয়, এই আইডিতে বন্ধু তালিকায় আছেন বিনোদন জগতের অনেক অভিনেতা-অভিনেত্রীসহ অনেক বিনোদন সাংবাদিক। আর এ কারণেই সারিকার আসল আইডি ভেবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সারিকার ভক্তরা।

কিন্তু সারিকা জানালেন অন্য কথা। তাঁর বক্তব্য, প্রায় আড়াই বছর আগে তাঁর আইডি হ্যাক করা হয়েছে। এরপর থেকে তিনি আর ফেসবুকে নেই। তিনি আরও জানান, ‘এই আইডিতে ফলোয়ারের সংখ্যা অনেক বেশি। তা ছাড়া মিডিয়ার অনেক তারকা ও সাংবাদিক এই আইডির বন্ধুতালিকায় আছেন।

তিনি জানান, ‘যিনি এই আইডি চালান, তিনি খুবই ধূর্ত। সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে আমার ছবি ব্যবহার করেন। নিয়মিত সচল দেখে অনেক সহশিল্পী, পরিচালক ও সাংবাদিক ওই আইডির ইনবক্সে বার্তা পাঠিয়ে যোগাযোগ করেন।

কিন্তু মেসেজ সিন হলেও কোনো সাড়া নেই। মেসেজের উত্তর না পেয়ে সবাই ভাবেন আমি ইচ্ছা করে উত্তর দিই না। এ নিয়ে বিভিন্ন জায়গায় আমাকে অপদস্থ হতে হয়। তবে এখন নিয়মিত শুটিং করছি।

বিষয়টি থানা বা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেননি? এমন প্রশ্নে সারিকা জানান, ‘আড়াই বছর আগে যখন আইডিটি হ্যাক হয়, তখন মৌখিকভাবে সাইবার ক্রাইম সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের একজন কর্মকর্তাকে জানিয়েছিলাম।  

এরপর আর যোগাযোগ হয়নি। সমস্যটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই ভাবছি থানায় একটি জিডি করব। তা না হলে নকল আইডি থেকে আমাকে ফাঁসিয়েও দিতে পারে।’

অনেকদিন যাবত তিনি পর্দার আড়ালে ছিলেন তিনি। এদিকে গত ঈদুল ফিতর থেকে আবার নিয়মিত নাটকে ফিরেছেন এই অভিনেত্রী।