বিনোদন ডেস্ক
মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি দক্ষ অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের অন্তরে জায়গা করে নেন। নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্র সবখানেই করেছেন বাজিমাত।
কিন্তু ব্যক্তিগত নানা কারনে মিডিয়া থেকে হারিয়ে যান শখ। এবার নাচের মাধ্যমে ফিরছেন শখ। শারদীয় দুর্গা পূজার বিশেষ আয়োজনে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’। এখানে নৃত্য পরিবেশন করবেন শখ।
অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। পূজা উপলক্ষে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে শখ ছাড়াও নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী সোহেল রহমান, মন্দিরা চক্রবর্তী, মীম চৌধুরী, শাওন শান, মোহনা মীম, তুষার, লাবণ্য সহ নৃত্যালোক কালচারাল সেন্টারের শিল্পীবৃন্দ।
নাচের এই বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে আগামীকাল রোববার বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাসুদ মিয়া।
প্রসঙ্গত, মিডিয়ায় শখের যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ‘স্বাক্ষর’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয়। তারপর লম্বা বিরতির পর ২০০২ সালে ‘অদ্ভুতুরে’ নামক একটি ধারাবাহিকের কাজ করেন তিনি।
তবে শখ রাতারাতি আলোচনায় উঠে আসেন মূলত বাংলালিংক দেশ বিজ্ঞাপনের মাধ্যমে। এক বিজ্ঞাপনের মাধ্যেমেই তারকা বনে যান শখ। এরপর একে একে একাধিক নাটক ও সিনেমায় কাজ করেন। কাজ করেন ‘এফএনএফ’, ‘দিবা রাত্রি খোলা থেকো’, ‘রং’, ‘কলেজ’ নাটকে। শখ অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘বলো না তুমি আমার’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ অন্যতম।






















