বিনোদন ডেস্ক
'কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমায় লাগে ভালো'। জনপ্রিয় এই গানটির শিল্পী অর্ণব বিয়ের পিঁড়িতে বসেছেন।
আজ বুধবার কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক পোস্টকে ঘিরে এমন আলোচনাই চলছে দুই বাংলার বিনোদন অঙ্গনে।
সৃজিতের পোস্ট দেখেই সবাই নিশ্চিত হয়েছেন অর্ণবের বিয়ের ব্যাপারে। উল্লেখ্য, সৃজিতের স্ত্রী মিথিলা সম্পর্কে অর্ণবের বোন।
অর্ণব-সুনিধি ও মিথিলার সঙ্গে একটি ছবি দিয়ে সৃজিত লিখেছেন, ‘হারিয়ে গিয়েছো, এইতো জরুরি খবর। অভিনন্দন অর্ণব ও সুনিধি নায়েক।’ সেই পোস্ট শেয়ার করে সুনিধি ক্যাপশনে লিখেছেন, ‘অলরাইট’।

সৃজিতের পোস্ট থেকে জানা যায় অর্ণবের স্ত্রীর নাম সুনিধি নায়েক। ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়ছেন। তিনি একজন পেশাদার এসরাজ বাদক। হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতেও তিনি দক্ষ। গান করেন ও মডেলিং করেন।
জানা গেছে, আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতেই পরিচয় অর্ণবের। বিশ্বভারতীতে আয়োজিত ‘রবি অ্যান্ড র্যাবি’ শীর্ষক একটি অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। শুভকামনা জানিয়ে সেই মুগ্ধতা প্রকাশও করেছিলেন তিনি। সেই পরিচয় থেকেই দিনে দিনে একে অপরের সুরসঙ্গী হয়ে উঠেন।
অর্ণবের সঙ্গে সবসময়ই গানের অনুষ্ঠান-কনসার্টে দেখা গেছে সুনিধিকে। এমনকি সুনিধির সঙ্গে কয়েকটি টিভি অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন অর্ণব। তারা দুজনে ঢাকাতেও একসঙ্গে গান করেছেন। এবার সুরসঙ্গী থেকে জীবনসঙ্গীতেও পরিণত হলেন তারা।
সুনিধির সঙ্গে অর্ণবের প্রেমের গুঞ্জন এক বছরেরও বেশি সময় ধরেই শোনা যাচ্ছে। দুজন একসঙ্গেই আছেন অনেকদিন। তবে জানা যায়, সদ্য শেষ হওয়া পূজার উৎসবেই দুই থেকে এক হয়েছেন অর্ণব ও সুনিধি।
এর আগে অর্ণব বিয়ে করেছিলেন ওপার বাংলার কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীকে। সে বিয়ে বেশিদিন টেকেনি।






















