বিনোদন ডেস্ক
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রী মালভি মালহোত্রাকে কুপিয়েছেন যোগেশকুমার মহিপাল সিং নামের এক প্রযোজক। তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বছরখানেক আগে একটি তামিল সিনেমা করতে গিয়ে যোগেশের সঙ্গে মালভির পরিচয়। যোগেশের প্রযোজনায় একটি মিউজিক ভিডিও করার কথা ছিল তাঁর। কিন্তু সেই মিউজিক ভিডিওর মিটিংয়েই প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বসেন যোগেশ। ঘটনা সুবিধার নয় মনে করে মালভি প্রস্তাবে সম্মতি দেননি।

হাসপাতাল থেকে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালভি জানান, ‘আমি কেবলই দুবাই থেকে মুম্বাই ফিরেছি। যোগেশ আমাকে ক্রমাগত ফোনে বিরক্ত করছিলেন। একপর্যায়ে বাধ্য হয়ে আমি তাঁকে ব্লক করে দিই। তারপরও তিনি নতুন নতুন নম্বর থেকে ফোন করেই যাচ্ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় আমি মুম্বাইয়ের আন্ধেরির সেভেন বাংলোস ক্যাফেতে যাই।
ঘটনার বর্ণনা দিয়ে মালভি জানান, ‘হঠাৎ করে একটা গাড়ি এসে আমার পথ আটকে দেয়। গাড়ি থেকে নেমে আসেন যোগেশ। গাড়ি থেকে নেমে ছুরি দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর ইচ্ছে ছিল আমার মুখে আঘাত করার। আমি দুই হাত দিয়ে মুখ বাঁচিয়েছি। ফলে আমার দুই হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাকস্থলীর দেড় ইঞ্চি গভীরে ঢুকেছে ছুরির ফলা। রাস্তার পাশেই কয়েকজন সাইকেল চালাচ্ছিলেন। তাঁরাই তুলে এনে আমাকে হাসপাতালে ভর্তি করেন।’
মালভির অবস্থা তেমন সুবিধার নয়। দুটো হাতই অচল হয়ে পড়েছে। বেশ কয়েকটি সার্জারি করাতে হবে। এসবের মধ্যে রয়েছে প্লাস্টিক সার্জারিও।
তার সুস্থ হতে অনেক সময় লেগে যেতে পারে। ইতিমধ্যে মালভির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত।






















