ইউটিউব যেন আলাদা একটি দুনিয়া। নানা রকমের ভিডিওতে সয়লাব ভিডিও দেখা এবং শেয়ার করার অন্যতম জনপ্রিয় ও শীর্ষ এ মাধ্যম। এর মাধ্যমে অর্থ উপার্জনও করছেন অনেকেই। কিন্তু এবার ইউটিউব খুঁজে পেল ছয় বছর বয়সী দক্ষিণ কোরিয়ার এমন এক শিশুকে, যার কি না ইউটিউবের মাধ্যমেই মাসিক আয় ২৪ লাখ পাউন্ড।
মেয়েটির বয়স মাত্র ছয় বছর। কিন্তু এই বয়সেই সে একটি পাঁচতলা বাড়ির মালিক। বাড়িটির দাম ৬৭ লাখ পাউন্ড,, বাংলাদেশি মুদ্রায় যা ৬৭ কোটি টাকার কিছু বেশি। পুরো অর্থই সে জোগাড় করেছে নিজের উপার্জন থেকে।যদিও অর্থের পরিমান এখানে খুব বেশি মনে হলেও, আসলে তার মাসিক আয়ের কাছে এ অর্থ কিছুই নয়। বলা হচ্ছিলো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউব তারকা বোরামের কথা।
ইউটিউবে বোরামের দুটি চ্যানেল রয়েছে। একটিতে বাজারে আসা নতুন নতুন খেলনার রিভিউ পোস্ট করে সে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার ১ কোটি ৩৬ লাখ। অপরটি ভিডিও ব্লগ। এটির সাবস্ক্রাইবার ১ কোটি ৭৬ লাখ। দুই চ্যানেল মিলিয়ে বোরামের অনুসারী তিন কোটির বেশি। দক্ষিণ কোরিয়ার শিশুরা এখন একনামে চেনে তাকে। ইউটিউবে তার সবচেয়ে জনপ্রিয় ভিডিওটি দেখা হয়েছে ৩৭ কোটি ৬০ লাখ বার। ওই ভিডিওতে প্লাস্টিকের খেলনা রান্নাঘরে ইনস্ট্যান্ট নুডলস বানাতে দেখা যায় তাকে। ক্যামেরার সামনে বোরামের খুব আগ্রহ নিয়ে নুডলস খাওয়া শুধু শিশুদের নয়, বড়দেরও মন কেড়েছে।






















