বিনোদন ডেস্ক
জিরো থেকে হিরো হয়ে উঠা শক্তিমান এক অভিনেতার নাম শাহরুখ। জীবনের এই উত্থানের পরতে পরতে আছে সংগ্রাম ও অধ্যবসায়ের গল্প। সেসব বিভিন্ন সময় নিজেই জানিয়েছেন শাহরুখ। বলিউডের কিং খ্যাত এই অভিনেতার আজ ৫৫ তম জন্মদিন।
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান। মা লতিফ ফাতিমা।
এই দিনের জন্য কতশত অপেক্ষায় থাকেন শাহরুখ-ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। একসময় শাহরুখ এসে হাত নেড়ে ভক্তদের সেই শুভেচ্ছা গ্রহণ করেন। এমন পরিচিত নিয়ম চলে আসছে অনেক বছর ধরে। তবে এবার সেই চিরচেনা নিয়মের ব্যাঘাত ঘটেছে। কারন বিশ্বজুড়ে করোনা মহামারি তাই এবার আর মান্নাতের সামনে নয়, ভক্তরা শাহরুখের জন্মদিন পালন করছেন অনলাইনে ভ্যাচুয়ালি।

টেলিভিশন ধারাবাহিক ‘দিল দরিয়া’ দিয়ে প্রথম তার টেলিভিশনে কাজ। ১৯৮৮ সালে রাজকুমার কাপুর পরিচালিত ‘ফৌজি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। বলিউডে তাঁর অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার।
কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ‘ডর’, ‘বাজিগর’ ও ‘আনজাম’ সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি বাণিজ্যিকভাবে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। এর মধ্যে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘মোহাব্বতেন’ (২০০০) ও ‘কাভি খুশি কাভি গম’ (২০০১)।
এরপর দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বলিউডকে। তবে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমা মুক্তির পর আর বড় পর্দায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জিরো’ সিনেমাটিও বক্স অফিসে সাড়া জাগাতে চরমভাবে ব্যর্থ হয়েছিল।
তবে বর্তমানে ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। এমাস থেকে শুটিংয়ে ফিরছেন শাহরুখ। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাদের ৫০ বছর পূর্তিতে ‘পাঠান’ সিনেমার ঘোষণা দেবে। ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে শাহরুখের নতুন এই সিনেমা।

দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান ৩০টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন। তিনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন না করলেও ২০০৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।
এদিকে রূপালি পর্দার বাইরে শাহরুখ একাধারে চলচ্চিত্র প্রযোজক, উদ্যোক্তা, রসিক ও সামাজিক যোগাযোগমাধ্যম বান্ধব হিসেবেও পরিচিত। এছাড়া দেশি-বিদেশি একাধিক পণ্যের শুভেচ্ছাদূত তিনি।






















