বিনোদন ডেস্ক
ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ছবি ‘প্রীতিলতা’তে জুটি বেঁধেছেন বড় পর্দার নায়িকা পরীমনি ও ছোট পর্দার আবু হুরায়রা তানভীর।
গতকাল থেকে এর শুটিং শুরু হয়েছে। ছবিটির শুটিং উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা রাশিদ পলাশ।
এ ছবিতে শহীদ প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমনি।
পরীমনি জানান, ‘সবে তো শুরু করলাম। প্রথমদিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্যনির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।
নির্মাতা রাশিদ পলাশ জানান, ‘প্রথম লটটা আমরা ঢাকাতেই করব। এরপর চট্টগ্রামে চলে যাব। সেখানে হবে আমাদের মূল কাজ। প্রথমদিনের শুটিংয়ে আমি ও আমার টিম খুব খুশি। দলের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন।’
জানা গেছে চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল বিবি রাসেল।
১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। সে অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মাহুতি দেন।






















