বিনোদন ডেস্ক
'দাবাং' সিনেমার মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন সোনাক্ষী সিনহা। তারপর অসংখ্যা কাজ উপহার দেন তিনি। তবে ডিজিটাল দুনিয়ায় অভিষেকের জন্য প্রস্তুত এই তারকা। খুব শিগগির সোনাক্ষী তাঁর নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন।
করোনার আতঙ্ক পেছনে ফেলে নিজস্ব ছন্দে ফিরছে বলিউড। সব তারকাই শুটিং শুরু করে দিয়েছেন। সোনাক্ষীও ফিরছেন শুটিং ফ্লোরে। রীমা কাগতি পরিচালিত ওয়েবসিরিজ ‘ফলেন’ দিয়ে ডিজিটাল দুনিয়ায় আসতে যাচ্ছেন সোনাক্ষী।

আগামী বছর জানুয়ারি মাস থেকে পুরোদমে শুরু হবে শুটিং। ৩৫ জনের একটি দল প্রস্তুত করেছেন। শুটিংয়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবে। শুটিংয়ের আগে শুটিং দলের সব সদস্যের করোনা পরীক্ষা করা হবে। ক্রাইম–থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে সোনাক্ষীকে দেখা যাবে প্রতাপশালী এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। ‘আকিরা’ ছবির পর এই ধরনের গল্পই খুঁজছিলেন সোনাক্ষী। গণমাধ্যমকে তিনি জানান, অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবিতে কাজ করতে ইচ্ছুক তিনি। ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়ার কথা।

এ ছাড়া নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত ‘ঘুমকেতু’ ছবিতে তাঁকে অতিথি চরিত্রে দেখা গেছে। অজয় দেবগনের সঙ্গে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী। বড় বাজেটে নির্মিত এই ছবিও বড় পর্দায় নয়, একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে।






















