বিনোদন ডেস্ক
অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এক সময়ের জনপ্রিয় জুটি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। এরপর থেকেই গণমাধ্যমে গুঞ্জন রটে, সপরিবার নিয়ে আমেরিকায় স্থায়ী হতে চলেছেন তৌকীর-বিপাশা দম্পতি। এমন সংবাদে তৌকীর বেশ বিব্রত আর বিরক্ত হচ্ছেন এমনটি জানান তিনি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকে তৌকীর আহমেদ জানান, যেভাবে বিষয়টি গণমাধ্যমে এসেছে মোটেও তা নয়। আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে। তারা দুজনই আমেরিকায় থেকে পড়াশোনা শুরু করছে। তাদের জন্যই বিপাশা ও আমি আমেরিকায় গিয়েছিলাম। সেখানে ভালো স্কুল খোঁজা নিয়ে সময় পেরিয়ে যায়। তাদের ভর্তির ব্যাপারে সব ঝামেলা শেষ করে দেশে ফিরেছি।
দীর্ঘ সময় ধরে আমেরিকায় বিপাশার অবস্থানের কারণ জানাতে তৌকীর জানান, ছেলে-মেয়ে সেখানে থাকবে, পড়াশোনা করবে। তাই মা হিসেবে বিপাশা বেশিরভাগ সময় সন্তানদের পাশে থাকবে। সময়-সুযোগ করে আমিও তাদের দেখে আসব। কিন্তু ব্যাপারটি এমন নয় যে, দেশ ছেড়ে দিয়ে চিরতরে আমেরিকায় চলে যাচ্ছি।
তৌকীর আরও বলেন, বিপাশা অভিনয়টা না করলেও নিয়মিত নাটক লিখছে। আর আমি তো নিয়মিতই নির্মাণ ও অভিনয় করছি। আমার পরিচালিত ধারাবাহিকগুলোও প্রচার হচ্ছে। নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিয়েছি। দেশ ছেড়ে গেলে সেটির কী হবে? বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।






















