বিনোদন ৮ নভেম্বর, ২০২০ ১০:১৭

তারিন ও বাঁধনকে নিয়ে নতুন সিনেমায় চঞ্চল

বিনোদন ডেস্ক 

অভিনয় জগতে দীর্ঘদিনের ক্যারিয়ারে সিনেমায় কাজ করেছেন হাতে গোনা কয়েকটি। কিন্তু সবগুলো সিনেমা-ই দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় আরও একটি চলচ্চিত্রে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবির নাম ‘ডার্করুম’। নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এই সিনেমায় চঞ্চলের সঙ্গে অভিনয় করবেন দুই নন্দিত অভিনেত্রী তারিন জাহান ও আজমেরী হক বাঁধন।

1 

আজ গোলাম সোহরাব দোদুল জানান, ‘বেশকিছু দিন আগে ওয়েব ফিল্মটির শুটিং শেষ করেছি। প্যারাসাইকোলজি থ্রিলার গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। বেশ দারুণ অভিনয় করেছেন চঞ্চল, তারিন ও বাঁধন। আমি প্রত্যাশা করছি দর্শক ‘ডার্করুম’ উপভোগ করবেন।’

2

তিনি আরও জানান, এ সিনেমায় ভিন্ন ভিন্ন চারটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। চমক ও নতুনত্ব থাকবে তারিন-বাঁধনের চরিত্রগুলোতেও। খুব শিগগিরই ছবিটির ট্রেলার প্রকাশ হবে। সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

1

প্রসঙ্গত, ‘ডার্করুম’ ছাড়াও সম্প্রতি দোদুল ‘ছক’ শিরোনামে একটি ৯০ মিনিটের একটি ওয়েব ফিল্ম নিমার্ণ করছেন। সেখানে জুটি হিসেবে দেখা যাবে অভিনেতা তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়াকে।