বিনোদন ডেস্ক
একজন বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং মডেল আব্দুন নূর সজল। যিনি এখনো ব্যাচেলর। অনেকদিন থেকেই তার প্রেম ও বিয়ে নিয়ে বিনোদন অঙ্গনে চলছে নানা গুঞ্জন। এছাড়াও বহুদিন থেকেই সজল একটি প্রশ্নের মুখে বার বার পড়ছেন, আর তা হলো- বিয়ে করবেন কবে? এর উত্তরে গণমাধ্যমকে সজল বলেন, 'করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বিয়ে করবো।'
সজল আরও বলেন, 'করোনা না আসলে হয়তো এতোদিনে বিয়েটা সেরেই ফেলতাম। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলেই বিয়ে করবো। বিয়েকে কেন্দ্র করে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। টুকটাক করে এগোচ্ছি। পরিবারের মানুষদের সঙ্গেও কথা হয়েছে। কীভাবে কি করা যায় পরামর্শ নিচ্ছি। যেহেতু বিয়ে জীবনের একটা বিশেষ ও গুরুত্বপূর্ণ অংশ, তাই এমন কিছুই করতে চাই যেটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে, নতুন রূপে দেখা যাচ্ছে অভিনেতা সজলকে। লম্বা চুল আর মুখ ভর্তি দাড়িতে দর্শক নতুন এক সজলকে খুঁজে পেয়েছেন।

পরবর্তী কাজের পরিকল্পনা নিয়ে সজল বলেন, এখন কাজ একটু কমিয়ে দিব। বেছে বেছে কাজ করবো। তাই ওয়েব কন্টেন্টে কাজ করার চিন্তা করছি। নতুন কিছু নিয়েই সামনে হাজির হতে চাই।
করোনাকে পেছনে ফেলে পুরোদমে কাজে ফিরেছেন অভিনেতা। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সজল জানান, সারাক্ষণ একটা আতঙ্কে থাকি। সামনে তো করোনার আরেকটা ধাক্কা দেয়ার সম্ভাবনা আছে। পেপার-পত্রিকা পড়ে এমনটাই জানলাম। যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করেই শুটিং করছি।

সম্প্রতি ডাকপিয়ন ডট কম এর বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। এর আগে সাহিদ উন নবীর ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন সজল। এখানে তাঁর বিপরীতে ছিলেন নায়িকা পরীমনি। পাশাপাশি নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন পূজা চেরী। এছাড়াও তাকে নিয়মিত দেখা যাচ্ছেন টিবি পর্দায়।






















