বিনোদন ডেস্ক
ছোটপর্দা ও বড়পর্দা দুই জায়গাতেই অভিনয়ের দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে তিনি নুরুল আলম আতিক পরিচালিত সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে কাজ করছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। এর আগে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করে তিনি দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন।
জানা গেছে, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন এলাকায় ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে।
নতুন ছবি প্রসঙ্গে ভাবনা বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে আমাকে দেখা যাবে ‘পদ্ম’ নামক চরিত্রে। আশা করি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।

সিনেমাটির পরিচালক নূরুল আলম আতিক বলেন, শুটিং শেষ করতে পারলাম, এটাই খুশির খবর। এখন ডাবিং-এডিটিংসহ অন্যান্য কাজ শেষ করে ঠিকঠাক দর্শকের সামনে হাজির করতে চাই সিনেমাটি।
ভাবনা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরীপুরের জনগণ।
উল্লেখ্য, ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তি পাবে।






















