বিনোদন ডেস্ক
করোনার প্রকোপে পুরো বিশ্বই ঘরবন্দি হয়ে পড়েছিল। অন্য সবার মতো করোনা মহামারির কারণে ঘরবন্দী জীবন পার করেছেন নায়িকারাও। এবার করোনাকে পেছনে ফেলে কাজে ফিরছেন তারকারা।
প্রায় সাত মাস বিরতির পর এ মাসে সিনেমার শুটিংয়ে ফিরেছেন চার জনপ্রিয় নায়িকা। জয়া আহসান, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি। করোনার আগেও তাদের ছিলো নানান কর্মব্যস্ততা। করোনার কারনে বন্ধ হতে থাকে শুটিং। ঢালিউডের এই চার অভিনেত্রী এখন করোনাকালীন সতর্কতা মেনে শুটিং শুরু করেছেন।

ভারতের বাঙালি পরিচালক মানস মুকুল পালের নতুন ছবির শুটিংয়ে জয়া আহসানের যোগ দেয়ার কথা ছিলো মার্চ মাসের শেষে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়ে যাওয়ায় শুটিং বাতিল করতে হয়েছে।জানা যায়, লকডাউনে বাড়িতে সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।তবে এর মধ্যেই সতর্কতার সঙ্গে কাজ করেছেন পিপলু আর খানের একটি ছবিতে। মাত্র ১০ জন শিল্পী-কলাকুশলী ১৫ দিনে শেষ করেছেন ছবিটির শুটিং।
গনমাধ্যমকে জয়া জানান, ‘নভেম্বরের শুরুতেই ঢাকার একটি ছবিতে কাজ শুরু করেছি। হাতে আরো একটি ছবির কাজ আছে। সেগুলো শেষ করে মাসের শেষে যাব কলকাতার ছবির শুটিংয়ে যোগ দিতে। সেভাবেই সব পরিকল্পনা করেছি।’

করোনাকালে পর এবার আবার নতুন করে সিনেমার কাজ শুরু করলেন অপু বিশ্বাস। সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’ দিয়ে অক্টোবর মাসে শুটিংয়ে ফিরতে চেয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। কিন্তু তার মা মারা যাওয়ায়। মায়ের শোক বুকে নিয়েই কাজে ফিরতে হয়েছে অপুকে। অপু জানান, ‘চা–শ্রমিকের ভূমিকায় অভিনয় দিয়ে কাজ শুরু করেছি। কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে। শুটিং চলবে টানা কয়েক দিন।’

মার্চ থেকে সাত মাস ঘর থেকে বের হননি বিদ্যা সিনহা মিম। মিম জানান, ‘গত প্রায় ১০ মাস আমি ফিল্মের শুটিং থেকে দূরে। পরিবারের সবার নিরাপত্তার জন্যই কাজ শুরু করা হয়নি। গত অক্টোবর থেকে স্বল্প পরিসরে কিছু কাজ শুরু করেছি। এখন করোনার সংক্রমণ কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। এই মাসের শেষ সপ্তাহ থেকে শুটিংয়ে ফিরব।’

করোনা নিয়ে প্রথম দিকে কিছুটা ভয়ে ছিলেন অভিনেত্রী পূজা চেরী। তখন নিরাপত্তার কথা ভেবে শুটিংয়ে ফিরতে চাননি তিনি। গত দুই মাস সেই ভয় কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন।
এখন শুটিংয়ে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন পূজা। পূজা বলেন, ‘সাত মাস কাজ থেকে দূরে ছিলাম। গত মাসেই ফিরতে চেয়েছিলাম, সে সময় ফেরা হয়নি। আগামী ১০ তারিখ থেকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। ছয় দিন টানা শুটিং করব। এ জন্য মাস্ক, স্যানিটাইজার সব কিনে প্রস্তুতি নিয়ে রেখেছি।’






















