বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। করোনার ভোগান্তি শেষে গত বুধবার হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছেন। সঙ্গে এনেছেন কষ্টের কিছু অভিজ্ঞতা। এদিকে অনেকদিন হলো তার সবগুলো কাজ থমকে আছে। নাটকের শ্যুটিং-এ কবে নাগাদ যুক্ত হতে পারবেন, তা নির্ভর করছে তার পুরোপুরি সুস্থ হয়ে উঠার উপর।
টেলিভিশনের কাজে ভীষণ ব্যস্ত থাকতে হয় অপূর্বকে। তাঁর বিরতি নেওয়া মানে বেশ কজন পরিচালকের কাজ থমকে যাওয়া। ইতিমধ্যে ১৪ দিন চলে গেছে, হয়তো আরও সপ্তাহ দু-এক বিশ্রামে থাকতে হতে পারে অপূর্বকে। পরিচালকদের তাই আরো কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে অপূর্বকে শ্যুটিং সেটে পাওয়ার জন্য।
অপূর্ব জানান, ‘আমার হাতে দু'টি কাজ ছিল। ‘প্রশ্নোত্তর’ ও ‘ভাগ্যক্রমে’ নামে দুটি টেলিছবির এক দিন করে কাজ বাকি আছে। নাটক দুটি ভালোবাসা দিবসের। সুস্থ হয়ে কাজগুলো করে দিবো ইনশাঅল্লাহ। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার বেশি দিন লাগবে না, খাওয়াদাওয়া আর ঠিকমতো বিশ্রাম নিতে পারলে শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের অসুখ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর অপূর্বের শারীরিক অবস্থা জটিল হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থা উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়। রক্তে একাধিক ইনফেকশনও ধরা পড়ে। কিন্তু পরে আবারও জটিলতা দেখা দিলে অপূর্বকে প্লাজমা দেওয়া হয়। এরপর আবার তার অবস্থা খারাপ হয়। তবে বর্তমানে অবস্থার উন্নতি হয়েছে।






















