বিনোদন ২৬ আগস্ট, ২০১৯ ০৬:০৪

বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হৃত্বিক

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সি পরিচালিত জরিপে জনপ্রিয় ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, ‘টোয়াইলাইট’ ছবির নায়ক রবার্ট প্যাটিনসন আর ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবির নায়ক ক্রিস ইভানের মতো সুপুরুষদের পেছনে ফেলে ‘বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ’ হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকা। ঠিক ধরেছেন, তিনি আর কেউ নন, হৃতিক রোশন।

অন্য বলিউড তারকাদের মতো তাঁর ঝুলিতেও আছে সফল আর ব্যর্থ ছবির সমাহার। ‘ফিজা’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বা ‘কৃষ’ সিরিজের মতো বক্স অফিস সফল ছবি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সুপার থার্টি’ও খুশি করেছে প্রযোজক ও সমালোচকদের। তবে হৃতিক রোশন সবচেয়ে বেশি সমাদৃত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'গুজারিশ' ছবিটির জন্য। যদিও এই ছবিটি প্রযোজকের মুখে হাসি ফোটাতে পুরোপুরি ব্যর্থ।

হৃতিকের সফল ছবির তালিকা যেমন দীর্ঘ, ব্যর্থ ছবির তালিকাও একেবারে ছোট না, ‘না তুম জানো না হাম’, ‘কাইটস, মাহেঞ্জো দারো, কাবিল ইত্যাদি। যদিও এসব ছবি বক্স অফিসে অর্থ তুলে আনতে পারেনি। তবুও সমালোচকেরা বলেছেন, হৃতিক হৃদয় উজাড় করে অভিনয় করেছেন। আর ছবিগুলো ব্যবসা না করায় হৃতিকের নাকি কোনো আক্ষেপ নেই। কারণ, এই ব্যর্থ ছবিগুলোই তাঁকে গড়েছে। আজ হৃতিক রোশন যা, তা নাকি এই ব্যর্থ ছবিগুলোরই সমষ্টি।

শোনা যাচ্ছে, নিতেশ তিউয়ারির পরবর্তী ‘রামায়ণ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন। এই ছবির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি।