বিনোদন ডেস্ক
বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের। এবার ফের বিতর্কের মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু গণমাধ্যম থেকে জানা গিয়েছিল প্রথমবারের মতো গানে কণ্ঠ দিয়েছেন জায়েদ খান। কিন্তু পরে জানা গেল, গানে মূলত কণ্ঠ দিয়েছেন শাহিরয়ার রাফাত, প্রতীক হাসান ও আয়েশা মৌসুমী।
গতকাল রোববার গায়ক ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত লাইভে এসে জানান, গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি, প্রতীক হাসান এবং ‘পাওয়ার ভয়েস’খ্যাত আয়েশা মৌসুমী। জায়েদ খান গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন। আর এ গানের শুরুতে নাটকীয়তা আনতে শুধু ‘মুই বরিশাইল্লা’ অংশটুকুতে ভয়েস দিয়েছেন।
লাইভে শাহারিয়ার রাফাত আরও বলেন, ‘ফরচুন বরিশাল’ দলের থিম সং ‘মুই বরিশাইল্লা’ গানটি আমার ক্যারিয়ারে অন্যতম একটি কাজ হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। সারাদিন অনেকেই জিজ্ঞাসা করছেন গানটি আসলে কে গেয়েছেন। গানটি আমার সুর-সংগীতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান এবং আয়েশা মৌসুমী।
এই গানটি লিখেছেন, সুদীপ কুমার দ্বীপ। ‘মুই বরিশাইল্লা’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সুর ও সংগীত পরিচালক করেছেন কণ্ঠশিল্পী শাহারিয়ার রাফাত নিজেই।
উল্লেখ্য, গান গাওয়া প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, হঠাৎ করেই এমন সিদ্ধান্ত। নিজের জন্মস্থান বরিশাল দলের জন্য কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। এটা আমার গান গাওয়ার প্রথম অভিজ্ঞতা। বরিশাল দলের কর্ণধারও শুনেছেন এবং প্রশংসা করেছেন। আমার প্রায় দশ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম গাইলাম। তাল, লয়, সুর ঠিক রাখা যদিও বেশ কঠিন ছিলো তবুও সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতীকের সঙ্গে কণ্ঠ মেলাতে।






















