বিনোদন ডেস্ক
বলিউড এখন অভিনেত্রী সানা খানের বিয়ের খবর সরব। কয়েকমাস আগে এক ভিডিও বার্তার মাধ্যমে অভিনয় থেকে ধর্মের টানে অবসর নেওয়ার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপর ২১ নভেম্বর গুজরাটের এক মুফতিকে বিয়ে করে আলোচনায় উথে আসেন তিনি।
বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, সাদা পোশাকের তার স্বামী মুফতি আনাসের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা। এরপর পর কেক কেটে নিজেদের বিয়ে উদযাপন করছেন। পারিবারিক ভাবেই বিয়েটা সেড়েছেন তিনি।

আচমকা অভিনয় জগতকে বিদায় জানানোর তার এই সিদ্ধান্তে অবাক হয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। প্রথম থেকেই যার লক্ষ্য ছিল বলিউড এবং গ্ল্যামার দুনিয়া সেই তিনিই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে ইতি টানেন। ওই পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানান সানা। জানান, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান।
সে ভিডিও বার্তায় তিনি আর জানায়, ‘ইহলোকে আল্লাহর আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন-দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব।

এই ঘোষণার পরই নিজের ইনস্টাগ্রাম থেকে তার পুরনো জীবনের সব ছবি মুছে দিয়েছেন সানা।

সানা বরাবরই আবেদনময়ী অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে তার খোলামেলা দৃশ্যে অভিনয় করাটা পরিবারের লোকেরা মোটেই পছন্দ করতেন না। এই কারণে এক সময় তার মা তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন সানা। তাই সানার বলিউড ছাড়ার এহেন সিদ্ধান্তের পিছনে পরিবারের চাপ ছিল বলেও মনে করেন অনেকে।






















