বিনোদন ডেস্ক
‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’র বর্ষসেরা পুরস্কার জিতে নিয়েছেন টেইলর সুইফট। জাস্টিন বিবার, পোস্ট ম্যালোন ও রডি রিচকে পেছনে ফেলে বর্ষসেরা পুরস্কার লুফে নেন টেইলর। টানা তিনবার এ অ্যাওয়ার্ড জিতে নেন টেইলর। এছাড়া শীর্ষ জনপ্রিয় মিউজিক ভিডিও এবং জনপ্রিয় পপ/রক নারী শিল্পী হিসেবেও অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
বর্ষসেরা শিল্পী হিসেবে টানা তৃতীয়বার অ্যাওয়ার্ড নিজ ঝুলিতে তুলে নেন টেইলর। লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে গতকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ পপ স্টার হাজির থাকতে পারেননি।
সেখানে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ রাতে আমার এখানে না থাকার কারণ হলো- আমি আসলে আমার পুরোনো সব গান পুনরায় রেকর্ড করছি। যে স্টুডিওতে আসলগুলো করা হয়েছিল সেখানেই তা করা হচ্ছে। এটা চমৎকার, আর আপনাদের গানগুলো শুনাতে আমার আর তর সইছে না।’

সম্প্রতি তার আগের ক্যাটালগের গানগুলো বিক্রি হয়ে যাওয়ার পর এখন তিনি নতুন করে সেগুলো আবারও রেকর্ডিং করার কাজে ব্যস্ত আছেন।
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ডে একাধিক মনোনয়ন তিনি পাবেন বলে ধারণা করা হচ্ছে। জাস্টিন বিবার ও শন মেনডিস ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তাদের নতুন দ্বৈত গান ‘মনস্টার’-এর পূর্বে ধারণকৃত ভিডিও প্রদর্শিত হয় অনুষ্ঠানে।






















