বিনোদন ২৪ নভেম্বর, ২০২০ ১১:৩৮

যে কারণে কুংফু কারাতে শিখছেন মেহজাবিন

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার সারলতা চাঞ্চল্য ও অভিনয় দক্ষতা দিয়ে তিনি জয় করে নিয়েছে দর্শকমন। অভিনয়গুণে এগিয়ে নিয়েছেন নিজেকে। সমান তালে কাজ করছেন নাটক ও টেলিছবিতে।

সম্প্রতি মেহজাবিনকে দেখা গেল গায়ে সাদা ড্রেস ও কোমরে হলুদ বেল্ট পরে ধানমন্ডির এক মাঠে কুংফু কারাতে শিখতে। স্বভাবতই প্রশ্ন জাগে অভিনয়ের পাশাপাশি হুট করে মেহজাবিন কুংফু কারাতে শিখছেন কেন? সন্ধান নিয়ে জানা গেল, এটাও চরিত্রের প্রয়োজনেই। সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং করছেন মেহজাবিন। নাম ‘ভাইরাল গার্ল’। সেই নাটকেরই শুটিং হচ্ছিল ধানমন্ডির ওই মাঠে। নাটকটি পরিচালনা করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারবাহিক নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি।

নাটক সম্পর্কে নির্মাতা অমি গণমাধ্যমকে জানান, ‘গল্পটি একটি ভাইরাল মেয়ের, যেখানে একটি মেয়ে খুবই স্বাধীনচেতা। কুংফু, বাস্কেটবল, জিম, কালচারাল ইভেন্ট সব নিয়েই জীবন তার। বড় একটা চাকরিও করেন। এই মেয়েটিই বিশেষ এক ঘটনায় ভাইরাল হয়। এই ভাইরাল হয়ে পড়ার পরের ঘটনা নিয়েই নাটকের গল্প।

তিনি আরও বলেন, নাটকটিতে মেহজাবিন কে ঘিরে কেন্দ্রীয় চরিত্র। ভাইরাল মেয়েটির চরিত্রে অভিনয় করছেন তিনি। সহশিল্পী হিসেবে থাকবেন বেশ ক’জন। নাটকটির শুটিং চলছে।

জানা যায়, আগামী বছরের শুরুতে একটি বেসরকারি টিভি চ্যানেল এবং ইউটিউবে সম্প্রচার হবে।