বিনোদন ২৭ নভেম্বর, ২০২০ ০৬:০০

সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ

বিনোদন ডেস্ক  

মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল আগেই বন্ধুত্বটাও দীর্ঘ দিনের। শুধু বাকি ছিল সামাজিক রীতি মেনে চার হাত এক হওয়ার। নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী সুসম্পন্ন হল বাকি থাকা কাজও। বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা। রেজিস্ট্রি এবং সিঁদুরদানের মাধ্যমে বান্ধবী মধুরিমার সঙ্গে বিয়ে সম্পন্ন করলেন অনির্বাণ।

সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে করা হয়েছিল অনুষ্ঠানের আয়োজন। পরিবার ও পরিজনদের নিয়ে সম্পন্ন হয়েছে শুভ কাজ। বিয়ের দিন লাল রঙের পোশাক বেছে নিয়েছেন অভিনেতা অনির্বাণ এবং তাঁর সহধর্মিণী মধুরিমা। অভিনেতার পরণে লাল প্রিন্টেড পাঞ্জাবি এবং ধুতি। মধুরিমা সেজেছিলেন লাল রঙের শাড়িতে। বিয়ে হিসাবে বলা যেতে পারে বেশ হালকা সাজেই নিজেকে সাজিয়ে তুলেছিলেন অনির্বাণ ও মধুরিমা। তবে বিয়ের পর এক্কেবারে টুকটুকে লাল বধূর বেশে ধরা দিয়েছেন তিনি। মাথা ভরতি সিঁদুরে স্বামী অনির্বাণের পাশে দাঁড়িয়ে মধুরিমা।

মধুরিমা গোস্বামী নাট‌্যচর্চার সঙ্গে যুক্ত। অনির্বাণ-মধুরিমা একত্রে বেশ কিছু নাট‌্য-প্রযোজনায় কাজও করেছেন। মধুরিমার বেড়ে ওঠা একেবারে সাংস্কৃতিক আবহে। তাঁর বাবা পদ্মশ্রীখ‌্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। মধুরিমার পড়াশোনাও থিয়েটার নিয়ে। অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি সচেতন মানুষ। দু’জনেই সংস্কৃতি জগতের, ফলে তাঁদের মনের মিল হতে বিশেষ সময় লাগেনি।

অভিনেতার বিয়ে নিয়ে আগে থেকেই ভক্তদের মাঝে উত্তেজনা ছিল। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।