বিনোদন ডেস্ক
শাকিব খান অভিনীত ‘নবাব’ সিনেমা ২০১৭ সালে মুক্তি পায়। এবার ‘নবাব এলএলবি’ সিনেমার কাজ শেষ করেছেন চিত্রনায়ক শাকিব খান। সিনেমাটি একাধিকবার মুক্তির সময় পিছিয়ে অবশেষে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
জানা যায়, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গতকাল রাতে আই থিয়েটারের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার এক আয়োজনে এমন ঘোষণা দিয়েছেন সিনেমাটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন।
অনন্য মামুন গণমাধ্যমকে জানান, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসে নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।’
গতকালের এই জমকালো আয়োজনে মন্ত্রীসহ দেশের জনপ্রিয় একাধিক তারকার দেখা মিললেও ‘নবাব এলএলবি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শাকিব খান ও তাঁর দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে দেখা যায়নি। একাধিক গণমাধ্যমে খবর এসেছে, বেশ কিছু কারণে এই সিনেমার অভিনয় শিল্পীদের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে পরিচালকের। তবে তাঁরা কেন এ আয়োজনে উপস্থিত হয়নি তা নিয়ে মুখ খুলেন নি কেউ।
জানা গেছে, এখনো সিনেমাটির কয়েকটি গানের কাজ বাকি আছে। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।






















