বিনোদন ৩০ নভেম্বর, ২০২০ ১১:৩০

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

বিনোদন ডেস্ক

গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। কিন্তু নানা জটিলতায় তখন ছবিটি মুক্তি পায়নি। চয়নিকা চৌধুরীর পরিচালিত সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে, আগামী ১১ ডিসেম্বর। ছবিটিতে অভিনয় করেছে চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তাঁরা প্রথম জুটি বাঁধে। কিন্তু নানা জটিলতায় তখন ছবিটি মুক্তি পায়নি।  

সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু গণমাধ্যমকে জানান, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের সিনেমাটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন।

পরিচালক চয়নিকা চৌধুরী জানান, মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি সিনেমা দেখতে পাবেন।

বিশ্বসুন্দরী’ সিনেমার গান এরইমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে ৩ কোটিরও বেশি ভিউ পেয়েছে। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে পরী, সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ অনেকে।