বিনোদন ডেস্ক
মঙ্গলবার সাত পাক বাঁধা পড়লেন উদিত-পুত্র আদিত্য নারায়ণ। দীর্ঘ দিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। মুম্বাইয়ের ইসকন মন্দিরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে মালাবদল করলেন উদিতপুত্র। আদিত্য আগেই জানিয়েছিলেন, কোভিডের নিয়ম মেনে ৫০ জন অতিথির উপস্থিতিতে মন্দিরে বিয়ে সারবেন তাঁরা।
এই বিশেষ দিনে আদিত্য সেজেছেন সোনালি রঙের ভারী কাজের শেরওয়ানিতে। গলায় সবুজ কুন্দনহার, মাথায় পাগড়ি এবং চোখে মানানসই সানগ্লাসে হবু বর এক্কেবারে রাজকীয়। হবু বরের সঙ্গে রং মিলান্তিতে মজেছেন শ্বেতাও। সোনালি লেহেঙ্গার সঙ্গে ভারী হওয়ায় তিনি যেন 'স্বপ্নে দেখা রাজকন্যা'।
শুধু তাই নয়, বিয়ের কার্ড এবং প্রাক মুহূর্তের উল্লাসের ভিডিয়োও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। e এছাড়া বিয়ের আয়োজনে আদিত্যের সঙ্গে রয়েছেন তাঁর মা দীপা নারায়ণ এবং বাবা উদিত নারায়ণ।

এর আগে রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বলিউড গায়িকা নেহা কক্করকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উদিত নারায়ণের পুত্র আদিত্য। শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। আর নেহা ছিলেন বিচারক। পরে জানা যায়, পুরো ঘটনাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিল। নেহার বিয়ের ঘোষণার পরই আদিত্যর বিয়ের খবর প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, প্লেব্যাকের পাশাপাশি অভিনয়ও করেছেন আদিত্য। কিন্তু গায়ক বা নায়ক কোনও দিকেই এখনও অবধি প্রথম সারিতে আসতে পারেননি আদিত্য নারায়ণ। সুপারহিট গায়কের ছেলে হয়েও প্রত্যাশিত সাফল্য থেকে এখনও অনেক দূরে তিনি। জানা যায়, বিক্রম ভট্টের পরিচালনায় ‘শাপিত’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এই ছবির নায়ক ছিলেন আদিত্য। বিপরীতে নায়িকা ছিলেন শ্বেতা। শ্যুটিং চলতে চলতেই আলাপ গড়িয়ে গেল মন দেওয়া নেওয়ায়। তবে দু’জনে তাঁদের প্রেম গোপন রেখেছিলেন এক দশক ধরে।






















