বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা নিরব। সিনে জগতে তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। এবার এই নায়ক দিলেন নতুন খবর। গতকাল সৈকত নাসিরের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা।
গতকাল সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। নিরব জানান, ‘এর আগে সৈকত ভাইয়ের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় কাজ করেছি। দারুণ অভিজ্ঞতা হয়েছে। খুবই স্মার্ট একজন নির্মাতা। নতুন এ সিনেমার গল্পটা খুবই দুর্দান্ত’।
স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে থ্রিলারধর্মী গল্পে নতুন এ সিনেমাটি প্রযোজনা করবেন ফয়সাল আজাদ। এ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ করছেন আসাদ জামান। চলতি মাসের শেষ সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
এর আগে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ সিনেমাতে কাজ করেছেন নিরব। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া সর্বশেষ নিরব অভিনীত ‘হৃদয় জুড়ে’ সিনেমাটি মুক্তি পায়।






















