বিনোদন ডেস্ক
‘নবাব এলএলবি’র ছবির একটি গানের শুটিং মালদ্বীপে হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে তা আর হয়ে উঠে নি কিন্তু এবার সে গানের শুটিং সম্পন্ন হয়েছে। রাজধানীর রেডিসন ব্লু হোটেলের কুয়াশাভেজা পুল পাড়ে। অনেক পরিকল্পনা করেও ভিনদেশে যাওয়াটা হয়নি তাদের।
তাই সেখানেই শুটিং হয় অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএল.বি’ ছবির একমাত্র রোমান্টিক গানের। আর চমকপ্রদ বিষয়টি হলো, শুটিংয়ের ৪৮ ঘণ্টা না পেরুতেই ইউটিউবে অবমুক্ত হয়েছে এর ভিডিও!
১৩ ডিসেম্বর রাতে এসেছে ‘বিলিভ মি আমি তোমার হতে চাই’ শিরোনামের গানটি। এটি লিখেছেন পরিচালক নিজেই। মৈনাকের সুরে গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। প্রকাশের পর দেখা গেল, পুরো গানটিই রোমান্টিকতার মোড়কে হাজির হয়েছেন ঢালিউডের এই শীর্ষ দুই তারকা।
অথচ কিছুদিন আগেই গানটি নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। নায়িকা মাহির ভিসা না থাকায় প্রথম দফায় মালদ্বীপ যাওয়া হয়নি টিমের। এরপর শাকিব ও মাহি সময় দিলেও শুটিং শেষ করতে পারেননি পরিচালক। তাই বেছে নেওয়া হয় রাজধানীর পাঁচ তারকা হোটেলকে।
বিষয়টি নিয়ে শাকিব গণমাধ্যমকে বলেন, ‘যেকোনও বড় ও ভালো কাজে একটু ঝক্কি ঝামেলা হবেই। কিন্তু সকালে ঠিকই ঝকঝকে রোদ উঠেছে। শুটিং নিয়েও আমরা দুশ্চিন্তা করছিলাম কুয়াশা নিয়ে। এসে দেখি ঝকঝকে রোদ। আগাম কথা বলি না সচরাচর, এবার বলে রাখলাম বছরের সেরা ছবি ও চমক হবে এটি।’
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খান, মাহিয়া মাহি ছাড়াও আছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, সুষমাসহ অনেকেই।






















