বিনোদন ১৪ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৯

কে হচ্ছেন আমিরপুত্রের স্বপ্নের নায়িকা?

বিনোদন ডেস্ক

বলিউডে পা রাখতে চলেছে আমিরপুত্র জুনায়েদ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এ নিয়ে গুঞ্জন তুঙ্গে।জানা গেছে, ইয়াশরাজ ফিল্মসের মতো বড় প্রতিষ্ঠান মিস্টার পারফেকশনিস্টের ছেলেকে সুযোগ দিচ্ছে।

কিন্তু এবার চমক হল জানা গেছে, জুনায়েদের বিপরীতে অভিনয় করবেন শালিনী পাণ্ডে। বহুলচর্চিত তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র নায়িকা তিনি। অন্যদিকে শালিনী অবশ্য এর আগেই রণবীর সিংহের সঙ্গে হিন্দি ছবি করতে চলেছেন। এর পরেই আমিরপুত্রের সঙ্গে ছবি করবেন বলে শোনা যাচ্ছে।

জানা গিয়েছে, ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে লেখা হচ্ছে ছবির চিত্রনাট্য। একজন সমাজকর্মী ও সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন জুনায়েদ। বলা হচ্ছে, উনিশ শতকের গুজরাতি সাংবাদিক কারসানদাশ মুলজির আদলে তৈরি হবে মূল চরিত্র। যিনি দুর্নীতিপরায়ণ ধর্মগুরু যদুনাথজি বৃজরতনজি মহারাজের মুখোশ খুলে দিয়েছিলেন।

আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে তার দুই ছেলে মেয়ে। ইরা ও জুনায়েদ। এদিকে আমিরকন্যা ইরা খান নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এও জানিয়েছিলেন, ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

অনেকবার ইরাকে নিয়ে প্রশ্ন উঠেছিল, তিনি কবে বড় পর্দায় পা রাখবেন! কিন্তু ইরার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘুরে এলেই জানা যাবে, তিনি সৎ মা কিরণ রাওয়ের মতো ক্যামেরার পেছনে কাজ করতে বেশি উৎসাহী।

কিন্তু তার বড় ভাই জুনায়েদ যে বাবার পথটিই বেছে নিয়েছেন, সে বিষয়ে আর সন্দেহ থাকল না। এর আগে অবশ্য মঞ্চে অভিনয় করেছেন তিনি। অভিনয়ে ছেলের আগ্রহের কথা আগেই জানিয়েছেন আমির খান।