বিনোদন ডেস্ক
জীবদ্দশায় একাধিকবার শিশু নির্যাতনের অভিযোগ ওঠে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে। তার উপর নির্মিত ডকুমেন্টারি ‘লিভিং নেভারল্যান্ড’এ সেই নির্যাতনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এরপর দুই বালককে নির্যাতনের অভিযোগ আনা হয় প্রয়াত বিশ্বনন্দিত এই সংগীত তারকার বিরুদ্ধে।
এর জেরে এই ডকুমেন্টারির বিরুদ্ধে মাইকেল জ্যাকসনকে হেয় করার অভিযোগে ১০০ মিলিয়ন ডলারের মামলাও করা হয়। মামলাটি করেছিল এমজে’র প্রতিনিধি মাইকেল জ্যাকসন স্টেট। অবশেষে সেই মামলায় জয় পেয়েছে তারা। চলতি বছরেই করা এ মামলার বিবাদী এইচবিও নেটওয়ার্ক। এইচবিও কর্তৃক নির্মিত ও প্রচারিত হওয়া ডকুমেন্টারি ‘লিভিং নেভারল্যান্ড’র বিরুদ্ধে মামলাটিতে রায় দেওয়া হয়েছে মাইকেল জ্যাকসনের পক্ষে।
১৯৯২ সালের জ্যাকসনের কনসার্ট নিয়ে তৈরি হওয়া সেই ডকুমেন্টারিতে নানাভাবেই পপস্টার মাইকেল জ্যাকসনকে হেয় করা হয়েছে। এটি ১৯৯২ সালের একটি চুক্তি লঙ্ঘন করেছে। এখানে জ্যাকসনের মতো পাবলিক ইমেজকে বাজেভাবে চিত্রায়ন করা হয়েছে।
তবে রায়ের পরে এইচবিও নেটওয়ার্কটির প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি থিওডোর বাউস্ট্রস কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ‘লিভিং নেভারল্যান্ড’ হলো একটি ব্রিটিশ-আমেরিকান ডকুমেন্টারি ফিল্ম। এটি পরিচালনা করেছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ড্যান রিড। ডকুমেন্টারিতে জ্যাকসনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়। আর তাই জ্যাকসনকে হেয় করার অভিযোগে ১০০ মিলিয়ন ডলারের মামলা করে জ্যাকসন স্টেট।






















