বিনোদন ডেস্ক
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় নাটক কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’। নাটকটিতে বাকের ভাই চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন আসাদুজ্জামান নূর। নাটকে অভিনেতা আবদুল কাদেরকে দেখা গিয়েছিল বদি চরিত্রে।
বদি চরিত্রে অভিনয় করা সেই আবদুল কাদেরের শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। খবর পেয়েই তাঁকে ফোন করে খোঁজ নিয়েছেন কোথাও কেউ নেই’ নাটকের কেন্দ্রীয় বাকের ভাই চরিত্রের আসাদুজ্জামান নূর।
চেন্নাই থেকে আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জানান, আসাদুজ্জামান নূর তাঁর শ্বশুরকে বলেছেন, তিনি ঢাকায় এলে আবার সুস্থ হয়ে উঠবেন। তাঁরা সব সময় তাঁর পাশে আছেন। তাঁর জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু প্রস্তুত রাখা হবে।
জাহিদা বলেন, ‘কয়েক দিন হলো বাবা কিছুটা ভেঙে পড়েছেন। গতকাল হঠাৎ নূর আঙ্কেল ফোন করলে বাবা বেশ চাঙা বোধ করেন। এখন তো মোবাইলে কারও সঙ্গে কথাই বলতে চান না। কিন্তু নূর আঙ্কেলের সঙ্গে আগ্রহ নিয়ে কথা বললেন। মনে হলো সেই আগের মতো অবস্থা। বাবা কিছুটা সাহস পেয়েছেন।’
বিভিন্ন হাসপাতালে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করেও কাদেরের কোনো রোগ ধরা পড়ছিল না।শেষে কয়েক দিন আগে পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায়, এই অভিনেতার শরীরে টিউমার রয়েছে। সেই টিউমার অপসারণ করাতে আবদুল কাদের যান চেন্নাই। পরে সেখানকার পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার থেকে এই অভিনেতার রক্তে হিমোগ্লোবিন ৩ থেকে ৫-এ ওঠানামা করছিল।
উল্লেখ্য, নূর ছাড়াও ফোন করে কাদেরের সঙ্গে কথা বলেছেন নাট্যজন রামেন্দু মজুমদারসহ আরও বেশ কয়েকজন।






















