বিনোদন ডেস্ক
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে আজ ১৮ ডিসেম্বর জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম অভিবাসীদের জন্য আয়োজন করছে একটি ভার্চুয়াল কনসার্ট, যার নাম ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস'। বর্তমানে প্রায় ৮০ লাখ বাংলাদেশি অভিবাসী বিদেশে অবস্থান করছেন।
পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই যেন তারা এই আয়োজনে যুক্ত হতে পারেন এবং উপভোগ করতে পারেন সেজন্যই ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই কনসার্টের আয়োজন করেছে আইওএম। এই কনসার্টে অংশগ্রহণ করছেন জনপ্রিয় সংগীতিশিল্পীরা- ফকির শাহাবুদ্দীন, ফাহমিদা নবী, এস আই টুটুল, সানিয়া সুলতানা লিজা, মিজান মাহমুদ রাজিব, জেফার রহমান, সাহস মোস্তাফিজ এবং কোরিয়ায় বাংলাদেশি সঙ্গীতশিল্পী নওশাদ ফেরদৌস। উপস্থাপনা করবেন ওয়ারফেজ ব্যান্ড-এর লিড ভোকালিস্ট পলাশ নূর।
এই আয়োজনে শিল্পীরা পরিবেশন করবেন জনপ্রিয় কিছু ফোক এবং আধুনিক গান। কনসার্টটি আয়োজন করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রত্যাশা প্রকল্পের আওতায়। পরিকল্পিত ও সুপরিচালিত নীতিমালার মাধ্যমে নিরাপদ, বিধিসম্মপ্ত এবং এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতে টেকসই উন্নয়ন লক্ষ্য ১০.৭ অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে প্রকল্পটি।
‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’-এ অংশগ্রহণ করতে যাওয়া তারকারা নিজেদের অভিমত ব্যক্ত করেছেন। সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, “বিদেশে যাওয়ার নানা পথ থাকতে পারে। তবে নিরাপদ অভিবাসন নিশ্চিতে জেনে, শুনে ও বুঝে বিদেশ যাওয়া উচিত।‘
এস আই টুটুল বলেন, “অভিবাসীরা দেশকে খুব গভীরভাবে অনুভব করেন। নিজে কষ্ট করে প্রবাসে অর্থ উপার্জন করে দেশে তাদের পরিবারে টাকা পাঠান যেন দেশ ও পরিবার ভালো থাকতে পারে। এই আয়োজনের মাধ্যমে আমরা কমিউনিটিতে তাদের অবদানকে স্বীকৃতি জানাই।”
আইওএম বাংলাদেশ-এর মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, “২০২০ সালে সবাই কঠিন সময় পাড় করেছি, বিশেষ করে অভিবাসী ও তাদের কমিউনিটিরা। আমরা অভিবাসীদের অবদানকে উদযাপন করতে চাই এবং একই সাথে নিরাপদ, বিধিসম্মত এবং নিয়মিত অভিবাসনের গুরুত্ব সম্পর্কিত আলোচনায় শ্রোতাদের যুক্ত করতে চাই। আমি সবাইকে এই আয়োজন উপভোগ করার আহ্বান জানাই যেখানে থাকছেন দেশের বিখ্যাত সংগীতশিল্পীরা।”
যমুনা টেলিভিশনকে সাথে নিয়ে আয়োজিত ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ সম্প্রচারিত হবে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় আইওএম বাংলাদেশ-এর ফেসবুক পেইজ এবং যমুনা টেলিভিশনের পর্দায়।






















