বিনোদন ডেস্ক
দেশের খ্যাতিমান সুরকার প্রিন্স মাহমুদ। এবার সুরকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে প্রথমবার কণ্ঠ দিয়েছেন ‘আভাস’ ব্যান্ডের তানজীর তুহিন। সম্প্রতি ‘আলো’ শিরোনামের গানটি অনলাইনে প্রকাশ্য পেয়েছে।
এ নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে গানটি প্রসঙ্গে প্রিন্স মাহমুদ লিখেছেন, “খেয়ালী সময়, খোশখেয়ালে তানজির তুহিনের ‘আলো’ গানটি ফেসবুকে ছেড়ে দিয়েছিলাম। সেই অসমাপ্ত গানটাই শ্রোতা এমনভাবে তাঁদের নিজের গান করে নেবেন বুঝতে পারি নাই। আসলেই চোখ ধরে আসছে। সামান্য ঠিকঠাক করে তাই জি-সিরিজের ইউটিউব চ্যানেলে সবার জন্য আনলাম। এভাবেই সবার ভেতরে দাগ কেটে যেতে চাই, দাগটাই থেকে যায়...।”
শুধু তা-ই নয়, কপিরাইটের কড়া নিয়মের মাঝেই প্রিন্স মাহমুদ এটাও জানিয়ে দিয়েছেন, ‘সবাই গানটি কভার করতে পারবেন, কিন্তু সুর আর গানের কথা ভালো করে শুনে এবং এখান থেকে দেখে লিখে নেবেন…।’
জানা যায়, অক্টোবরের কিছুটা রাগ, কিছুটা অভিমান করে নিজের ফেসবুকে ‘আলো’ গানের ডেমো প্রকাশ করেছিলেন প্রিন্স মাহমুদ। তখন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুকে গানটিকে উৎসর্গ করা হয়েছে বলেও জানিয়েছিলেন এই সুরকার।






















