বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। গেল কিছু দিন ধরেই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রংচঙে পোশাকের ছবি শেয়ার করছেন তারা। দেখে বোঝা যাচ্ছে, কোনো নতুন নাটকের শুটিংয়ে ব্যাস্ত তারা আর সে জন্যি তাদের এমন সাজ।
রংচঙে পোশাকের এমন সাজের কারণ হচ্ছে, ‘শিল্পী’ শিরোনামে একটি কমেডি নাটকে জুটি বেঁধেছেন তাঁরা। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
তাদের এমন ব্যতিক্রমী সাজ নিয়ে নির্মাতা মহিদুল মহিম গণমাধ্যমকে বলেন, ‘নাটকে নিশো-মেহজাবীন দুজনেই শিল্পী। তারা রাস্তায়-রাস্তায় একই এলাকায় গান গায়। নিশো ছেলে ও মেয়ে, দুই কণ্ঠে গান গাইতে পারে, সেজন্য তার দর্শক বেশি। এটা নিয়ে মেহজাবীনের সঙ্গে একটা দ্বন্দ্ব বাঁধে। তবে গল্পের শেষের দিকে দেখা যাবে, নিশো এক জটিলতায় আর মেয়েকণ্ঠে গাইতে পারছে না। বাকিটা নাটকে দেখতে হবে।’
এছাড়া জানা যায়, নাটকটির প্রচারসূচি এখনো চূড়ান্ত হয়নি। নতুন বছরে বা ভালোবাসা দিবসে নাটকটি প্রচারের সম্ভাবনা আছে।






















