বিনোদন ডেস্ক
ক্যান্সারে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের। তার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই অভিনেতাকে নিয়ে উৎকণ্ঠা সর্বত্র।
এর মধ্যেই আজ শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় খবর রটে যায় আব্দুল কাদের মারা গেছেন। একটি বেসরকারি টেলিভিশনের স্ক্রলেও প্রচার করা হয় খবরটি। তবে সেটি খানিক পরই বন্ধ করে দেয়া হয়। সেই খবরের সূত্রে চারদিকে এই গুণী অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
তবে খোঁজ নিতে গিয়ে জানা যায়, এটি সম্পূর্ণই গুজব। এ বিষয়ে বিরক্তি প্রকাশ করে আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি বলেন, ‘এটা খুবই বাজে একটি বিষয়। একজন মানুষ জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যেখানে তার জন্য দোয়া-প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ সেখানে তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে নিশ্চিত না হয়েই।
আমি অনুরোধ করছি এমনটা করবেন না। আমার শ্বশুরের অবস্থা সংকটাপন্ন। তবে এখনো তিনি ভালো আছেন। উনার জন্য দোয়া করবেন সবাই।’
জেমি আরও জানান, আব্দুল কাদেরের ক্যান্সারটি ফোর স্টেজে রয়েছে। শরীর ভিষণ দুর্বল। এই অবস্থায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আগামীকাল ২০ ডিসেম্বর সন্ধ্যায় চেন্নাই থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে আব্দুল কাদেরকে।
চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশের হাসপাতালে চলবে তার চিকিৎসা।






















