বিনোদন ডেস্ক
রবিবারই আবীর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত। এবার জানা যায়, সংক্রমণ ছড়িয়েছে গোটা পরিবারে। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন আবীরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। প্রবীণ অভিনেতা জানিয়েছেন, ‘অ্যাকাডেমিতে ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে।’
এর আগে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় সামাজিক পাতায় লিখেছিলেন, ‘অবাক করা ব্যাপার হল, সম্পূর্ণ সুস্থবোধ করছি আমি। ভালই আছি... শুধু গন্ধের অনুভূতিটুকু পুরোপুরি উধাও হয়ে গিয়েছে। আবারও প্রমাণ হল এ জীবনে কিছুই নিশ্চিত নয়। সবরকম সুরক্ষা মেনেও কোভিড আক্রান্ত হয়েছি।’ আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন।
জানা গেছে, একটি চ্যানেলের গানের রিয়্যালিটি শো-এ গত কয়েক দিন ধরেই সঞ্চালনার কাজ করছিলেন আবীর। তাঁর শ্যুটিংয়ের পাশাপাশি গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনেরও শ্যুটিং করেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রযোজনা সংস্থা সব রকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। এ ব্যাপারে আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়েই কাজ করেছি। তার পরেও সংক্রমিত হলাম।’
ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, স্টিল ছবির শ্যুটিংয়ে বার বার হাত স্যানিটাইজ করছিলেন অভিনেতা। শট দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তিনি মুখ থেকে মাস্ক নামাননি। এতটা সাবধান হওয়ার পরেও কোভিড আক্রান্ত হওয়ায় তাই হতাশার সুর স্পষ্ট আবীরের টুইটে।






















