বিনোদন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর বড়পর্দায় মুক্তি পেয়েছে গ্যাল গ্যাডট অভিনীত প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এর আগে করোনা পরিস্থিতির কারণে বারবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। গেল ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেল এ সিনেমা। সে ধারাবাহিকতায় ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। আগামী ২৫ ডিসেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দেখা যাবে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’।
এর আগে চলতি বছরে ২ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবারও বাড়ে প্রতীক্ষা।
২০১৭ সালে অনেকটা ঝুঁকি নিয়েই ওয়ার্নার ব্রাদার্স রিলিজ করে ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমা। মাত্র ১২০ মিলিয়ন বাজেটের ছবিটি ব্যবসা করেছিল ৮২১ মিলিয়নের ওপর।
সে বছরই ডিসির মাল্টি স্টারার জাস্টিজ লিগ রিলিজ হলেও ‘ওয়ান্ডার ওম্যান’র সাফল্যকে টপকাতে পারেনি। ফলে ২০১৭-র পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই সুপারহিরোর দ্বিতীয় সিনেমা কবে আসবে তাই নিয়ে। সেই অপেক্ষা ফুরাতে চললো অবশেষে।
আইএমডিবির র্যাঙ্কিয়ে প্যাটি জেনকিনসের চলচ্চিত্রটি ১০ এ পেয়েছে ৬ দশমিক ৯। এর আগে ২০১৭ সালে সুপারহিরো মুভি ‘ওয়ান্ডার ওমেন’ তৈরি করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-তে ডায়নার চরিত্রে দেখা যাবে গ্যাল গ্যাডটকে। এছাড়াও, স্টিভের চরিত্রে রয়েছেন ক্রিস পাইন, চিতা অবতারে ক্রিস্টেন উইগ ও ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় পেদ্রো পাসকেল।
এবার ‘ওয়ান্ডার ওম্যান’র সিক্যুয়েল ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ সিনেমার ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে পাওয়া গেছে জমজমাট এক গল্পের আভাস।ওয়ান্ডার ওম্যান ডায়নার চরিত্রে দেখা যাবে বিউটি ক্যুইন গ্যাল গ্যাডটকে। অন্যদিকে স্টিভের চরিত্রে দেখা যাবে ক্রিস পাইনকে।






















