সবে ভোর হয়েছে। আলো ফুটেতে শুরু করেছে আকাশে। গভীর ঘুমে আচ্ছন্ন শাহরুখ। আর এর মধ্যে ক্রমাগত বেজে চলেছে কলিংবেল। গৌরি তখন বই পড়ায় মগ্ন। দরজা খোলার ফুরসতই নেই তারও। তবে মনে মনে জব্দ করতে চাইছিলেন শাহরুখকে। তাই দুষ্টামি করেই চোখ বন্ধ করলেন গৌরি। ধরলেন ঘুমের ভান।
অপরদিকে, চোখ খুলে শাহরুখ দেখলেন গৌরিও ঘুমাচ্ছেন। ফলে, বাধ্য হয়ে শাহরুখই দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই চোখ খুলে অভিমানের সুরে কাঁথা মুড়ি দিলেন গৌরি। সম্প্রতি শাহরুখ-গৌরির এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। একেবারেই ঘরের অভ্যন্তরীণ ভিডিও।
তবে এই পুরো ঘটনাটি সাজানো হয়েছে গৌরী খানের ডিজাইনার ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিওতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন গৌরী খান। এই বিজ্ঞাপনটির পরিচালনা করছেন পুণিত মালহোত্রা। প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন।
ভিডিওটি শেয়ার করে পরিচালক পুণিত মালহোত্রা লিখেছেন, রোমান্স করার জন্য শাহরুখই হলেন রাজা। আর এখানে তার রানিও রয়েছেন। তাদের ভালোবাসার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা থাকলো।
উল্লেখ্য, শাহরুখ-গৌরী থাকেন তাদের আলিশান বাড়ি ‘মন্নাত’এ। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী বলেন, মন্নাত এমন একটা বাড়ি যেখানে কোনও নিয়মই খাটে না। নির্দিষ্ট সময়ে খাওয়া, বাড়ির কাজ করা এসব নিয়ে আমিও কোনও নিয়মবিধি তৈরি করিনি। যখন আমার ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরে তখন সবসময় আমি বাড়িতে থাকার চেষ্টা করি। সন্তানদের পাশে থাকা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।






















