ডেস্ক রিপোর্ট।।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে বড় একটি আবেগের জায়গা। এটা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই খেলাটি নিয়ে কম-বেশি সবার মাঝেই আগ্রহ আছে। মাঠ কিংবা মাঠের বাইরে প্রতিনিয়ত নানা মজাদার ঘটনা ঘটে এই খেলাটিকে কেন্দ্র করে। এসব গল্প নিয়ে সুন্দর সুন্দর চলচ্চিত্র নির্মাণ সম্ভব। আক্ষেপের বিষয় হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে খুব একটা চলচ্চিত্র নির্মাণ হয়নি। এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রই নির্মিত হয়েছে। খুশির খবর হলো এবার ক্রিকেট প্রেমীদের আক্ষেপ ঘোচানোর চেষ্টায় দীর্ঘদিন পর আবারো ক্রিকেট নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম ‘সারগাম এন্টারটেইনমেন্ট’।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটি চলচ্চিত্রের নাম ও নির্মাতার নাম ঘোষণা করে। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘লাল বল’। এটি নির্মাণ করবেন সাংবাদিক মাজহার বাবু। যিনি সাংবাদিকতার পাশাপাশি একজন চিত্রপরিচালকও।

নতুন চলচ্চিত্রটি নিয়ে মাহজার বাবু বলেন, ‘আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু করব। গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। ছবিতে তিনটি গান ব্যবহার করা হবে। গল্পের প্রয়োজনে ছবিতে আমরা আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব। ছবিতে বিশেষ কিছু চমক রয়েছে। আগামী মাসে মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব।’
‘লাল বল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন মাজহার বাবু নিজেই। আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছে শামিমুল ইসলাম শামীম।






















