বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সায়মন সাদিক। জানা গেছে নতুন বছরে নতুন দায়িত্ব পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নায়ক। চলতি বছর কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘টেলি সিনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২১’ এ জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সায়মন গণমাধ্যমকে বলেন, এটা খুবই আনন্দের। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য হলাম। দারুণ কিছু অভিজ্ঞতার অপেক্ষায় আছি। উৎসবে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেক মেধাবী মানুষের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে।
এই উৎসবটি আয়োজন করছে ‘দ্য টেলি সিনে সোসাইটি’। এই মুহূর্তে চলছে শর্ট ফিল্ম জমাদান প্রক্রিয়া। শেষ তারিখ ৩১ জানুয়ারি। এখানে প্রতিটি চলচ্চিত্রকে অবশ্যই ২০ মিনিটের মধ্যে শেষ হতে হবে। প্রতিযোগিতায় সেরা ১০টি চলচ্চিত্রকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
কাজের ক্ষেত্রে সময়ের ব্যস্ত নায়ক সায়মন এরই মধ্যে শেষ করেছেন মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘কাজের ছেলে’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ও কমল সরকারের ‘দায়মুক্তি’ সিনেমাগুলোর কাজ। সম্প্রতি তিনি প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই নায়কের। এ পর্যন্ত তিন ডজনেরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ২০১৮ সালে ‘জান্নাত’ ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।






















