বিনোদন ৫ জানুয়ারি, ২০২১ ০৬:৫৬

বাড়ি কিনে আলোচনায় জাহ্নবী!

বিনোদন ডেস্ক

২০১৮ সালে সিনেমায় অভিষেক হয় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর অভিনীত ‘ধড়ক’ বক্স অফিসে ঝড় তোলার পর অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন এ অভিনেত্রী সাথে বলিউডে নিজের জায়গা করে নেন। জাহ্নবী পর্দায় যেমন ঝড় তুলতে জানেন, তেমনি মাতিয়ে রাখতে জানেন নেটিজেনদেরও। এবার সেসব কোনো কারণে নয়, বিশাল অঙ্ক ব্যয় করে বাড়ি কিনে আলোচনায় জাহ্নবী।

মাত্র তেইশ বছর বয়সেই দামি বাড়ি কিনে ফেললেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। এখন নতুন বাড়ি সাজাতে গোছাতে ব্যস্ত এ তারকা কন্যা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ে জুহু এলাকায় ৩৯ কোটি রুপি দিয়ে এ বাড়ি কিনেছেন জাহ্নবী। ৩ হাজার ৪৫৬ বর্গফুটের তিনতলা ওই বাড়ি কেনার জন্য গত মাসে চুক্তি করেছিলেন তিনি। সে মাসেই বাড়ির রেজিস্ট্রেশন বাবদ ৭৮ লাখ ব্যয় করেছিলেন জাহ্নবী। মাত্র ২৩ বছর বয়সেই শ্রীদেবী-কন্যা যেভাবে নতুন বাড়ি কিনেছেন, এ নিয়ে আলোচনা চলছে বলিপাড়ায়।

বর্তমানে মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় বাবা বনি কাপুর এবং বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন জাহ্নবী। মায়ের মৃত্যুর পরপরই বলিউডে পা রাখেন শ্রীদেবী-কন্যা।

উল্লেখ্য, ২০১৮ সালে ধড়ক দিয়ে বলিউডে যাত্রা জাহ্নবীর। ওই সিনেমায় শহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। ধড়কের পর গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্লেও স্ক্রিন শেয়ার করেন তিনি। এছাড়া জয়া আখতারের গোস্ট স্টোরিজেও দেখা যাবে শ্রীদেবী-কন্যাকে। এরপর দোস্তানা টু দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।