বিনোদন ডেস্ক
আনিসুল হকের জনপ্রিয় উপন্যাস ‘সুদূরতমা’ অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। জানা গেছে, সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। উদ্যোগটি নিয়েছে আরটিভি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে এ নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় লেখক আনিসুল হক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান চুক্তিপত্রে সই করেন।
এটি পরিচালনা করবেন তরুণ পরিচালক জুবায়ের ইবনে বকর। তিনি গণমাধ্যমে বলেন, ‘উপন্যাসটি অসাধারণ। সেটি ওয়েব ফিল্মের মাধ্যমে আরও অসাধারণ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’
সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, আরটিভি সবসময় ভালো কাজ করে। দেশের প্রথম সারির টেলিভিশন হিসেবে তারা দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। এ সিনেমাটিতেও তারা সফলতা আনতে পারবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় সৈয়দ আশিক রহমান বলেন, দেশের সংস্কৃতিকে ধারণ করে আরটিভি সব সময় কাজ করছে। আমরা যেমন দর্শকদের সুস্থ ধারার নাটক, গান উপহার দিয়েছি। ঠিক তেমনি যদি একদিন, সাপলুডুর মতো সিনেমাও নির্মাণ করেছি। খ্যাতিমান লেখক আনিসুল হকের গল্পে এই ওয়েব ফিল্মটি নির্মিত হবে। ভবিষ্যতে আমরা তাকে পাশে পাবো বলে আশা করছি। এই ওয়েব ফিল্মটিতে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন।






















