বিনোদন ডেস্ক
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে, শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে.... এ গানটি শুনলেই বর্তমান প্রজন্ম নস্টালজিক হয়ে যায়। লাইনটি সময়ের সবচেয়ে আলোচিত ব্যান্ডদল শিরোনামহীনের পাখি গানের দুটি চরণ।
এ ব্যন্ডদলটি ‘কাশফুলের শহর দেখা’ শিরোনামের একটি গান মুক্তি দিতে যাচ্ছে খুব শিগগিরই। আর এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদারকে।
শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছরের শুরুর দিকে আমরা গানটি নিয়ে কাজ শুরু করি। আর সম্প্রতি গানটির মিউজিক ভিডিও কাজ শেষ হয়েছে। যেখানে চমক দেখা যাবে বাপ্পা মজুমদারকে। তাঁর সঙ্গে আছেন কাজী নওশাবা আহমেদসহ অনেকেই। গানটিতে মডেল হিসেব শিরোনামহীনের সদস্যদেরও দেখা যাবে। আশা করি গানটি সবার পছন্দ হবে।
জানা গেছে, ‘কাশফুলের শহর দেখা’ গানটি লেখা ও সুর এবং ভিডিও পরিকল্পনা জিয়া রহমানের। সংগীত করেছে শিরোনামহীন। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাইমুল বনিন। শিগগিরই গানটি ইউটিউবে অবমুক্ত করা হবে।






















