বিনোদন ডেস্ক
নাসরিন আক্তার নিপুণ যিনি শোবিজ জগতে নিপুণ নামেই অধিক পরিচিত। এ অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন জয় করেছেন দর্শক মন, ঠিক তেমনি পর্দায় তার উপস্থিতিও ছিল বেশ নজর কাড়া। সে অভিনেত্রী এখন তারুন্যের শক্তিকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন উদ্যোক্তা।
নিজ উদ্যোগে রাজধানীর বনানীতে প্রতিষ্ঠা করেছেন ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ সেন্টার। জানা গেছে, এ অভিনেত্রী থাই স্টাফ দিয়ে প্রথমে খুব ছোট্ট পরিসরে শুরু করেন এ প্রতিষ্ঠানটি। তারপর সময়ের সাথে সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল উদ্যোক্তা হিসেবে।
নায়িকা হতে গিয়ে যেমন নিপুণকে শিখতে হয়েছে অনেক কিছু ঠিক তেমনি উদ্যোক্তা হতে গিয়েও নিপুণকে পরতে হয়েছে নানান অভিজ্ঞতা মুখে। ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ প্রতিষ্ঠার পর থেকে নিপুণকে পাড় করতে হয়েছে নানা চড়াই উৎরাই। তারুন্যের শক্তিকে কাজে লাগিয়ে এসেছেন বহু দূর, এখনো অনেকটা পথ পাড়ি দিতে চান এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।

কুমিল্লার মেয়ে নিপুণ রাশিয়ার মস্কো থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারপর দেশের ফিরে নাম লিখায় সিনেমা জগতে। ২০০৬ সালে এম এ আওয়ালের ‘রত্নগর্ভা মা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন তিনি। যদিও সিনেমাটি মুক্তি পায় নি। ‘পিতার আসন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিপুণের। এরপর চলচ্চিত্রে কাজ করেন দীর্ঘ নয় বছর। দেশের অসংখ্য সব অভিনেতাদের সাথে অভিনয় করেছেন ৫০ টির বেশি চলচ্চিত্রে। অভিনয়ে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।






















